logo

সীমান্তের ৮৬টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

সীমান্তের ৮৬টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের ৮৬টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের ৮৬টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দিনাজপুর ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দিনাজপুর ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় পূজা উপলক্ষ্যে ব্যাটালিয়ন সদরে ২২টি, বিরল ও বোচাগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় ২৩ টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে ৬৪টি পূজামন্ডপই আন্তর্জাতিক সীমারেখার খুব নিকটে অবস্থিত। এ প্রেক্ষাপটে পূজার সময়সীমা জুড়ে বিজিবি কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে করে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন।

বিজিবির টহল দল ইতোমধ্যেই দিনরাত নিরবচ্ছিন্নভাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মণ্ডপসমূহের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত এই টহল তৎপরতা জোরদার থাকবে। শুধুমাত্র বাহিনীর অভ্যন্তরীণ তৎপরতাই নয়, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিমূলক পরিবেশ বজায় রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কাজ করে যাচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক এম এম জিল্লুর রহমান জানান, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে বাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, তা নিশ্চিত করা বিজিবির অন্যতম অগ্রাধিকার।