বান্ধবীর সঙ্গে কক্সবাজারে গিয়ে নিখোঁজ, ধানক্ষেতে মিলল মরদেহ

কুমিল্লার লালমাইয়ের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে তাজমিন এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজমিন। রাতে তার বাবা আবদুল আলীম মোবাইল ফোনে একাধিকবার কল করেন। কিন্তু কল রিসিভ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। একই স্থানে একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে তাজমিনের বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন।
ফরিদা বিদ্যায়াতনের প্রধান শিক্ষক হানিফ বলেন, তাজমিন সপ্তম শ্রেণিতে পড়ত। তবে গত মার্চ মাস থেকে সে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে।
লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।