সাবেক স্ত্রীর বিয়ের ক্ষোভে ছেলেকে খুন করেন বাবা

নোয়াখালীর সুবর্ণচরে সাবেক স্ত্রীর পুনরায় বিয়ে হওয়াকে কেন্দ্র করে ক্ষোভের জেরে ১৪ বছর বয়সি মাদ্রাসাপড়ুয়া ছেলে নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইব্রাহীম খলিলের বিরুদ্ধে। তিন বছর আগে মা-বাবার বিচ্ছেদের পর নাঈম নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে চরজব্বর থানায় হত্যা মামলা করেন।
নিহত নাঈম তার নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।
নাঈমের নানা ওবায়দুল্লার অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ইব্রাহীম খলিলের সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সুমি অন্যত্র পুনরায় বিয়ে করেন। এরপর থেকে ইব্রাহীম তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। সাবেক স্ত্রীর ওপর ক্ষোভ থেকে ইব্রাহীম নিজের ছেলেকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন বলে অভিযোগ করেন তিনি।
নাঈমের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাতে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, ঘরের দরজা খোলা এবং নাঈম শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার সময় বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশের সড়কে নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত বাবা ইব্রাহীম খলিলকে আটক করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে তিনি ছেলে হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
