logo

পদ ছাড়লেন এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক

পদ ছাড়লেন এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক
পদত্যাগ করা এনসিপি নেতা মো. মাইনুল ইসলাম মান্না। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন।

রোববার (৩১ মে) রাতে তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো পদত্যাগপত্রটি শেয়ার করেন।

এ বিষয়ে সোমবার (১ জুন) মাইনুল ইসলাম মান্না জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম মান্না উল্লেখ করেন, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না।

তিনি লিখেছেন, “আমি মো. মাইনুল ইসলাম মান্না ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।”

মাইনুল ইসলাম মান্না পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, তিনি সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে এনসিপির ঝালকাঠি জেলা সদস্য সচিব মো. জুবায়ের হাওলাদার এশিয়া পোস্টকে বলেন, তিনি দলের জন্য অনেক পরিশ্রম করেছেন। ফেসবুকে দেখলাম তিনি পদত্যাগ করেছেন। কেন্দ্র থেকে আমাদের কিছু জানায়নি। কেন্দ্রীয় নেতারা যেটা ভালো মনে করবেন সেই সিদ্ধান্ত নেবেন।