শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও
শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পান ইউএনও। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ইউএনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান পরিদর্শনের জন্য ওই বিদ্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীদের জন্য দেওয়া খাবার দেখতে গিয়ে তিনি পচা ডিম পান। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দেন।

ওই বিদ্যালয়ের দপ্তরি জনাব আলী টিটুর স্ত্রী হেনা বেগম সেখানে শিক্ষার্থীদের জন্য কলা ও ডিম সরবরাহ করেন।

নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, আজকে ইউএনও পরিদর্শনে এসেছিলেন। তিনি এখানে এসে একটি ডিম পচা পেয়েছেন। ততক্ষণে শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়নি। তা ছাড়া তিনি বিদ্যালয়ের সব দিক ভালো পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, আজকে নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম, সেখানে খাবারের মান ঠিক আছে কি না দেখতে। সেখানে ডিম নষ্ট ছিল। সার্বিক বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে তদারকি করার জন্য বলেছি।

এ বিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।