‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, মালামাল লুটের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় অবস্থিত ‘ম্যাংগো লাভার’ নামে একটি অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১৫ লাখ টাকা ও বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাকিব ও তামিম। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, রাসেল ও আশিক দুই ভাই। কয়েক দিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বিরোধের পর থেকে আশিক নিজ বাড়িতে না থেকে তার কর্মস্থল ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে অবস্থান করছিলেন। বিরোধের জেরে আশিককে খুঁজতে তার বড় ভাই রাসেল ও পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পারভেজের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। একই সঙ্গে অফিসে থাকা নগদ ১৫ লাখ টাকা এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় কর্মচারী সাকিব ও তামিম বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর করা হয়। পরে খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ম্যাংগো লাভারের স্বত্বাধিকারী পারভেজ মুরাদ বলেন, অতর্কিত হামলায় আমার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সরাসরি রাসেল ও সাবেক কাউন্সিলর পারভেজ জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





