পঞ্চগড়ে সমন্বিত অভিযানে হামলা, ছিনিয়ে নেওয়া হয় আসামি

পঞ্চগড়ে মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযানে হামলা চালিয়ে চার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর চারজন সদস্য।
শুক্রবার (১৯ জুন) পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার আসামিরা হলেন জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল, একই এলাকার শাহেন শাহ, পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান ও পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব দিপু ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসারসহ সমন্বিত টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবন অবস্থায় চারজনকে ধরা হয়।
তাদেরকে শেরেবাংলা পার্কে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দিয়ে গাড়িতে তোলা হয়। এ সময় ২০ থেকে ২৫ জন লোক এসে হামলা চালায়। হাতকড়া পরা অবস্থায় আসামিদেরকে হামলাকারীরা ছিনিয়ে নেন। এ সময় তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেন। হামলায় আহত হন সিপাহি ফাহিমুর রহমান, মোসাদ্দেক আলী, তরিকুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসারের নায়েব সুবেদার জালাল উদ্দিন।
পুলিশ জানায়, পরে অভিযান চালিয়ে ছিনিয়ে আসামিদের আবার গ্রেপ্তার করা হয়। তাদেরকে পরানো হাতকড়া কাটা অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম।
এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবারের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
