logo

প্রশাসনে থেকে গোপনে একটি মহল মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রশাসনে থেকে গোপনে একটি মহল মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, একটি মহলকে আমরা দেখেছি- তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও অনেকে গোপনে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা দেয়। আমরা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছি, সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে।

তিনি বলেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে।

বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ডের বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীকে ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এই মাসের মধ্যে শুরু হবে। পরিকলল্পিতভাবে বেকার সমস্যা সমাধানের জন্য ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। আমরা সেই প্ল্যানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাব। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার আছে। যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছাতে পারি, তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে শুরু করব, তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকব।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবিলা, বেকারত্ব দূর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না, যদি গণমাধ্যমকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া না হয়। আমি তাই গণমাধ্যমের অভিভাবক হতে চাই। জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।