সাবেক এমপি আনারকে আ.লীগের লোকজনই হত্যা করেছে: রাশেদ খাঁন
-5062fa-720x405.webp)
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে আওয়ামী লীগের দলীয় লোকজন ও তার নিজ বলয়ের বন্ধুরাই হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ চরম কোন্দলের কারণেই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, কালীগঞ্জের এমপি আনারকে পার্শ্ববর্তী ভারতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহের অস্তিত্বও রাখা হয়নি। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাকে আওয়ামী লীগের লোকজন এবং তার আশপাশের ঘনিষ্ঠ ব্যক্তিরাই হত্যা করেছে।
তিনি বলেন, কালীগঞ্জকে অনেকেই চোরাকারবার, মাদক কারবার ও বিভিন্ন সামাজিক সমস্যার কারণে নেতিবাচকভাবে দেখেন। এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারলেও হতাশ হওয়া যাবে না। তিনি নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমিও এসএসসিতে জিপিএ-৫ পাইনি। তবে পরবর্তীতে কঠোর পরিশ্রম ও ধারাবাহিক চেষ্টার মাধ্যমে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছি।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং বিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডে নিজের অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, শামসুল ইসলাম, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, খোকা মিয়া, লুৎফর রহমান লেন্টু, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাশেদ খাঁন।


