কুমিল্লা/মাদকসেবনের টাকা না দেওয়ায় দলিল লেখকের সহকারীকে পেটালেন ছাত্রদল নেতা

কুমিল্লার দেবিদ্বারে মাদকসেবনের জন্য ২০ হাজার টাকা দাবি করে এক দলিল লেখকের সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হোসেন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২৯ জুলাই) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাড় ৬টার দিকে দেবিদ্বার পৌরসভার মসজিদ মার্কেটে অ্যাডভোকেট জামালের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফ উদ্দিন দেবিদ্বার সাবরেজিস্ট্রার কার্যালয়ের এক দলিল লেখকের সহকারী। তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যায় চেম্বারে বসে থাকা অবস্থায় নাজমুল হোসেন সরকার তার কাছে মাদকসেবনের জন্য ২০ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমুল তাকে মারধর করেন।
সাইফ উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত এবং মাদকের টাকার জন্যই আমার ওপর হামলা চালিয়েছে। সম্পর্কে সে আমার চাচাতো ভাই। তাকে মাদকসেবন করতে এলাকার অনেকেই দেখেছে। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে আমার ওপর বিভিন্ন দিক থেকে চাপ আসছে। আমি শুধু সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে নাজমুল হোসেন সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানি না। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)






