logo

‘বগুড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর সত্য নয়’

‘বগুড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর সত্য নয়’
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে দেওয়া আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) এ দাবি করেন তিনি। তার দাবি, কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। পরে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে।

Advertisement

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।

সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। সেখানে আমাদের দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। অথচ সেই ঘটনাকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এআই দিয়ে এমন বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সবাইকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নন্দীগ্রামের জনগণ ঐক্যবদ্ধ, এখানে নাশকতার সুযোগ নেই। সাধারণ জনগণ যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয়ের প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে তারা গিয়েছিলেন। কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি তারিকুল ইসলাম।