গাজীপুরে ১৫ বস্তায় মিলল ১১ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২

শেরপুর থেকে মিনি কাভার্ডভ্যানে করে নিয়ে আসার পথে গাজীপুরে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। উদ্ধার করা মদের মোট পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার, যা ১৫টি বস্তায় লুকানো ছিল।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় র্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তাররা হলেন—শেরপুর জেলার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) এবং মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।
র্যাব জানায়, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজীপুরের দিকে আনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশি চলাকালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন।
পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৫টি বস্তায় ভরা ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ (৪২৯ বোতল) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। এ সময় গাড়িতে থাকা সুমন ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করার পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দ করা আলামত এবং গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



