ময়মনসিংহে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিক্ষক নিহত

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় সৌখিনারা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌখিনারা আক্তার ময়মনসিংহ সদর উপজেলার ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম মো. জয়নাল আবেদীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন সৌখিনারা। অটোরিকশাটি দাপুনিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গর্তে এর চাকা পড়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


