উখিয়ায় পাহাড়ধসে প্রাণ গেল রোহিঙ্গা তরুণীর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সি এক শিশু আহত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম বিবি হাফসা (১৮)। তিনি ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ স্থানীয় বাসিন্দাদের বরাতে জানান, সোমবার বিকেলে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে অবস্থিত একটি শেল্টারের ওপর হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘরটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বিবি হাফসা। এ ঘটনায় আহত শিশু আব্দুল মজিদকে উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গারা হাসপাতালে নিয়ে যান।
এপিবিএন অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসের ভারী বর্ষণে পাহাড়ধসে ১৫ জন রোহিঙ্গাসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই সময়ে রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ জেলার বিভিন্ন স্থানে অন্তত ১২০টি ভূমিধসের ঘটনা ঘটে। সেই ধাক্কা কাটতে না কাটতেই সোমবার আবার পাহাড়ধসে রোহিঙ্গা তরুণীর প্রাণহানি ঘটল।
.png)






