জামালপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

জামালপুর শহরে রাজিব পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোমা দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে পড়ে জ্বলতে থাকে। দ্রুত বাসটি সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতিও হয়নি।
রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৪২ মিনিটের দিকে শহরের ভোকেশনাল মোড় এলাকায় রাজিব পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি দ্রুতগতিতে সেখানে আসে। সামনের মোটরসাইকেল থেকে বাসের সামনের দিকে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং পেছনের মোটরসাইকেল থেকে বাসের পেছনের দিকে আরেকটি বোমা ছোড়া হয়। তবে বোমা দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে পড়ে জ্বলতে থাকে। এ সময় মোটরসাইকেল দুটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
বোমা পড়ার পরপরই বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনার সময় বাসে একজন যাত্রী, চালক ও সহকারী ছিলেন। তবে তাদের কেউ আহত হননি।
বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম বলেন, চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে বাসের সামনে ও পেছনে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তিনি।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

