logo

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন চারটি দোকান থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল-অকটেন) উদ্ধার করা হয়েছে। এ সময় তিনটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে পৌর এলাকার গোকর্ণঘাটে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় বেশ কয়েকটি অনুমোদনহীন জ্বালানি তেলের খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখে উচ্চ মূল্যে তেল বিক্রি করা হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব যৌথভাবে জ্বালানি তেলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে চারটি দোকান থেকে মোট ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল-অকটেন) জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে তিনটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক মো. নুর নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে গড়ে উঠা অনুমোদনহীন জ্বালানি তেলের খুচরা দোকানে জেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যাব এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানগুলো থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। জনস্বার্থে মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।