ধর্ষণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, যুবক কারাগারে

ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবার দায়ের করা মামলায় উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উত্তম রায় উপজেলার কদু বর্মণের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীর বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। মা ও ভাই বাইরে কাজে গেলে অভিযুক্ত উত্তম রায় কিশোরীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছের ভুট্টাক্ষেতে কাজ করার সময় কিশোরীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করেন উত্তম রায়। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি সকালে পাশের একটি পাটক্ষেতে নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাটি কাউকেও জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় আতঙ্কে বিষয়টি কাউকে জানায়নি কিশোরী।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে স্বজনেরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসক। পরবর্তীতে স্বজনদের জিজ্ঞাসাবাদের মুখে কিশোরী বিস্তারিত জানালে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
