logo

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ-না’ ভোটে অবস্থান নিতে পারবেন না : ইসি

সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ-না’ ভোটে অবস্থান নিতে পারবেন না : ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ জনগণকে অবহিত করার পাশাপাশি সচেতনও করতে পারবেন। তবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না।

শুক্রবার (৩০ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। 

মো. সানাউল্লাহ বলেন, গণভোট সম্পর্কে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, শুধুমাত্র আইনকে স্পষ্টীকরণ করে তা প্রতিপালনের জন্য বলা হয়েছে। গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ ধারায় বলা হয়েছে- সাধারণ নির্বাচনের যা যা নিষিদ্ধ রয়েছে তা গণভোটের জন্য নিষিদ্ধ। 

তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু কোথাও যাতে অস্থিরতা সৃষ্টি না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। 

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের জন্য আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি, যাতে শতভাগ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

এ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন মো. সানাউল্লাহ।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর আফিসার, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।