থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ‘ছোট নিশান’ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি ফোল্ডিং নাইফ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ছোট নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, উদ্ধার করা অস্ত্র-গুলিসহ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



