ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় একটি ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর খাদ্য গুদামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাবিবুর রহমান নামে এক পথশিশু ভাগাড়ে ব্যবহারযোগ্য জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
ওসি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।





