বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

ঝিনাইদহ সদরের বকশি-চাঁদপুর গ্রামে বড় ভাইয়ের কোদালের কোপ ও মারধরে ছোট ভাই নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহান মন্ডল (২৬) ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে মাঝেমধ্যেই সোহান মন্ডলের স্ত্রীর সঙ্গে সুমন মন্ডলের ঝগড়া হতো। এর জেরে বিকেলে (আনুমানিক ৫টার দিকে) গ্রামের মাঠে ছোট ভাই সোহানের সঙ্গে বড় ভাই সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে কোপ দেন এবং এলোপাতাড়ি আঘাত করেন। সে সময় সোহানের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমন পালিয়ে যান। পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
