অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে তাদের সীমান্ত থেকে নিয়ে যাওয়ার জন্য আসা তিনটি হায়েস মাইক্রোবাসসহ তিন চালককেও আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। এর আগে, একই দিন ভোরে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ নম্বর সীমানা পিলারের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের যৌথ টহল দলের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক হওয়া বাংলাদেশী নাগরিকেরা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। প্রায় এক বছর আগে তারা অবৈধ পথে ভারতে গিয়ে শ্রমিকের কাজ শুরু করেছিলেন। সম্প্রতি ভারতে পুলিশি তৎপরতা ও কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় তারা দালালের মাধ্যমে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেরার চেষ্টা করেন। শুক্রবার ভোর চারটার দিকে প্রায় ৩০ জনের একটি দলটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবির বিশেষ টহল দল ১২ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে তাদের সাথে থাকা বাকি সদস্যরা গারো পাহাড়ের বিভিন্ন গহীন জঙ্গলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা পরবর্তীতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের পরিবহনের উদ্দেশ্যে অপেক্ষারত তিনটি হায়েস মাইক্রোবাস ও সেগুলোর তিন চালককে আটক করে।
ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


