শূন্যরেখায় ভারতীয়দের মাটি কাটার চেষ্টা রুখে দিলেন বাংলাদেশিরা

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
শূন্যরেখায় ভারতীয়দের মাটি কাটার চেষ্টা রুখে দিলেন বাংলাদেশিরা
মুখোমুখি বাংলাদেশি ও ভারতীয়রা এবং ট্রাক্টরে মাটি উঠানোর চিত্র। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখায় ভারতীয় নাগরিকরা মাটি কাটার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের বাধার মুখে পড়েন তারা। ঘটনার একটি ভিডিও শনিবার (২৭ জুন) ছড়িয়ে পড়েছে।

Advertisement

ছড়িয়ে পড়া তিন মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শূন্যরেখায় কয়েকজন ট্রাক্টর নিয়ে এসে মাটি কাটছেন। বাংলাদেশের সীমান্তবর্তী বাসিন্দারা সেখানে জড়ো হয়ে বাধা দেন।

ভিডিওতে এক বাংলাদেশি নাগরিককে বলতে শোনা যায়, ‘১৫০ গজের ভেতরে মাটি কাটা নিষেধ, তারপরও আপনারা কেন কাটছেন।’ জবাবে মাটি কাটতে আসা এক ভারতীয় নাগরিককে বলতে শোনা যায়, ‘আমাদের জমিতে ফসল হয় না, তাই মাটি কাটছি। আমরা বিএসএফের অনুমতি নিয়েই এখানে এসেছি।’

ভিডিওতে শোনা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মাটি কাটতে নিষেধ করলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। বিজিবি সদস্যরা সেখান থেকে সরে যাওয়ার পর ভারতীয়রা পুনরায় মাটি কাটা শুরু করে।

বাংলাদেশিরা নাগরিকদের আরও বলতে শোনা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেহেতু নিষেধ করেছে এবং এটি দুই দেশের সীমান্ত এলাকা, তাই বিজিবি ও বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) মধ্যে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মাটি কাটা যাবে না।

এ বিষয়ে সীমান্তবর্তী বাসিন্দা মো. জুম্মান বলেন, ভারতীয়রা আমাদের বর্ডারের মাটি কাটতে এসেছিল। এটা দেখে এলাকার মানুষজন একজোট হয়ে বাধা দিই। আমাদের কড়া প্রতিবাদের মুখে তারা মাটি কাটতে পারেনি। আমাদের দেশের মাটি ওরা এভাবে নিয়ে যাবে, তা আমরা কোনোভাবেই মেনে নেব না।

বিষয়টি নিয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, তারা (ভারতীয়রা) ১০৮২ নম্বর পিলারের কাছে মাটি কাটার সময় প্রথমে স্থানীয়রা বাধা দেন। পরে আমরা গিয়ে নিষেধ করলে সেখান থেকে তারা চলে যান।

বিষয় :জামালপুর