logo
Advertisement

ভারতের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করেই দ্বিপাক্ষিক সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, সাভার
ভারতের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করেই দ্বিপাক্ষিক সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: এশিয়া পোস্ট

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Advertisement

শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটি ওয়ার্কিং ও পজিটিভ রিলেশনশিপ থাকবে। কারণ, তারা আমাদের প্রতিবেশী। তবে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই চুক্তি বা আলোচনা হতে পারে না।

তিনি বলেন, শেখ হাসিনা দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার আউটকাম রয়েছে ও আরও মামলা বিচারাধীন। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে ও এটি চলমান এনগেজমেন্টেরই অংশ। দেশের মানুষের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়েই আমরা ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারত সফরে যাওয়ার বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই। উপযুক্ত গ্রাউন্ডওয়ার্ক ও আলোচনার অগ্রগতি সাপেক্ষে সঠিক সময়ে এই সফর অনুষ্ঠিত হবে।

এর আগে, তার সঙ্গে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

পুষ্পস্তবক অর্পণের পর তারা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের স্মারকগ্রন্থে অনুভূতির কথা লিখে স্বাক্ষর করেন।