তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লায় হাঁটুসমান পানি

টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই শহরের নিচু ও গুরুত্বপূর্ণ সড়কগুলো ডুবে গেছে। বিশেষ করে কুমিল্লা শহরের টমছমব্রিজ নিউ হোস্টেল-সংলগ্ন সড়ক, কান্দিরপাড়, ঝাউতলা, রেসকোর্স এলাকা এবং জেলা জজ আদালত-সংলগ্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়।
জলমগ্ন এসব সড়ক পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থী তামান্না বলেন, ‘অনেক কষ্টে স্কুল থেকে বের হয়েছি। মাঠে পানি, এখন রাস্তায়ও পানি। কীভাবে বাসায় যাব সে টেনশনে আছি।’
স্থানীয় বাসিন্দা মনসুর অভিযোগ করে বলেন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই এই জলাবদ্ধতা। নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, নাগরিক অসচেতনতার কারণেও সমস্যা বাড়ছে। নালা-নর্দমায় প্লাস্টিক, ডাবের খোসাসহ বিভিন্ন বর্জ্য ফেলার ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
জেলা আবহাওয়া কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক শ্রমিক নিয়োজিত করা হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনে কাজ চলছে।