বিদায়ের আগে সিলেটে সারওয়ার আলমের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের প্রত্যাহার ঘিরে সমালোচনার সামনে এসেছে তার একটি মানবিক কাজের দৃষ্টান্ত। সিলেট থেকে বিদায়ের আগে মঙ্গল দাস নামে এক দরিদ্র চা শ্রমিকের পাশে দাঁড়ান তিনি।
বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা দিতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাভোগ করছিলেন। কারাগার পরিদর্শনে গিয়ে মঙ্গল দাসের সঙ্গে দেখা হয় সারওয়ার আলমের। বিষয়টি জানার পর তিনি সহায়তার আশ্বাস দেন।
সেই আশ্বাসের ভিত্তিতে গত ১১ মার্চ মঙ্গল দাসের জামিনের আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের বিচারক আনোয়ারুল কবির। পরদিন কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস।
বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল পুনরায় মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিদ্যুৎ আদালত। সেই পরোয়ানার ভিত্তিতে গত ১৭ জুন বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ মঙ্গল দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
রোববার (২১ জুন) সিলেট মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দেন সারওয়ার আলম। বকেয়া বিল পরিশোধ হওয়ার পর যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিনের আদেশ দেন। এরপর জামিননামা কারাগারে পাঠানো হয়।
বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, জামিনের আদেশ দেওয়ার পর মঙ্গল দাসকে মুক্তির জন্য জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।
সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।







