নওগাঁয় শ্রমিককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসশ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিনই জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে সিএনজিচালকেরা মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। রুতর আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
শ্রমিক ইউনিয়ন জানায়, চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বাস মালিক ও শ্রমিক নেতাদের দাবি, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহনের কথা নয়। কিন্তু এ নিয়ম অমান্য করে এসব যান আঞ্চলিক মহাসড়কেও চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ও বাসশ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে বলে তাদের দাবি। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে তাদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগছে।
সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে নওগাঁ শহরে আসা আফসার আলী বলেন, বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। যেখানে ১৫০ টাকা ভাড়া লাগার কথা, সেখানে ২০০ টাকা লেগেছে। সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।
মান্দাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, বাস শ্রমিক আর অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে অটোরিকশার মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধান হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাস ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন।
