ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাড়ে ৫ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার পর এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে এগিয়ে যাওয়ার সংকেত দেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন দুই লাইনই অচল হয়ে যায়। ফলে রাত ৩টা থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া গণমাধ্যমকে বলেন, উদ্ধার কাজে সহায়তার জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক করা হবে।