এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ

হুইলচেয়ার পেল সেই যমজ দুই ভাই

এশিয়া পোস্ট নিউজ, বেনাপোল
হুইলচেয়ার পেল সেই যমজ দুই ভাই
নতুন হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যমজ দুই ভাই। ছবি : এশিয়া পোস্ট

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের যমজ দুই প্রতিবন্ধী ভাই সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি অবশেষে দুটি হুইলচেয়ার পেয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে চলাচলের জন্য প্রয়োজনীয় এই উপকরণ না থাকায় তারা কার্যত ঘরবন্দি জীবন কাটাচ্ছিল।

সম্প্রতি এশিয়া পোস্টে পরিবারটির মানবেতর জীবনযাপন, চরম দারিদ্র্য এবং হুইলচেয়ারের অভাবে দুই ভাইয়ের অসহায় অবস্থার ওপর একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে ওয়াহিদের নজরে আসে। পরে তিনি তাৎক্ষণিক মানবিক উদ্যোগ নিয়ে মাহি ও রাফির জন্য দুটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ইউএনওর পক্ষ থেকে কায়বা ইউনিয়নের প্রশাসক অশোক কুমার বিশ্বাস এবং ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হাসান রাড়িপুকুর গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের হাতে হুইলচেয়ার দুটি তুলে দেন।

নতুন হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যমজ দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা। তাদের দাদি মমতাজ বেগম ও ফুফু নারগিস পারভীন উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অসহায় পরিবারটির দুর্দশার কথা সংবাদে তুলে ধরায় ‘এশিয়া পোস্ট’ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তারা।

কায়বা ইউনিয়ন পরিষদের প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, প্রতিবন্ধী দুই কিশোরের বাবা শরিফুজ্জামান মিলন সাংবাদিকদের পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হুইলচেয়ারের জন্য আবেদন করেছিলেন। আবেদন পাওয়ার পর ইউএনও মহোদয় ইউনিয়ন পরিষদে দ্রুত হুইলচেয়ার পাঠিয়ে দেন। আমরা তা পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, হুইলচেয়ার প্রদান সাময়িক স্বস্তি দিলেও সমস্যার স্থায়ী সমাধান নয়। যমজ দুই ভাইয়ের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ বসবাসের জন্য একটি স্থায়ী ঘরের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত।

বিষয় :যশোর