বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফুলঢলুয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. বেল্লাল (২৮) এবং তার স্ত্রী কমলা বেগম (২২)। বেল্লাল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
সদর থানা-পুলিশ ও স্বজনরা জানান, রোববার রাতে নিহত বেল্লাল নিজের বাড়িতে অটোরিকশাটি চার্জে বসিয়েছিলেন। আজ সকাল ৮টার দিকে তিনি চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এই সময় স্বামীর চিৎকার শুনে তাকে বাঁচাতে স্ত্রী কমলা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বেল্লালের ভায়রা রিপন হোসেন বলেন, প্রতিদিনের মতো বেল্লাল বিদ্যুৎ সংযোগ থেকে অটোরিকশার চার্জার খুলতে যান। এই সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে স্ত্রী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




