Advertisement

কুষ্টিয়ায় ৮৩ পরিবার পেল ৩ কোটি ১৭ লাখ টাকার চেক

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ৮৩ পরিবার পেল ৩ কোটি ১৭ লাখ টাকার চেক
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৩ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫ জনের পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা এবং আহত ২৮ জনের মাঝে মোট ৪২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে ৮৩টি চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৩ কোটি ১৭ লাখ টাকা হস্তান্তর করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহত বা অঙ্গহানির শিকার ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় রয়েছে। আজকের এই আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। তবে দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। আসুন, সম্মিলিতভাবে আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করি।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোছাম্মাৎ মমতাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মাহবুব-উল-ইসলাম।

এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।