logo

আগরতলায় নিষিদ্ধ আ.লীগের নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

আগরতলায় নিষিদ্ধ আ.লীগের নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
(বাঁয়ে) আগরতলা বিমানবন্দরে জাহাঙ্গীর কবির নানকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা এবং আখাউড়া সীমান্তে বিএনপির নেতাকর্মীরা (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থান করছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন।

Advertisement

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রতিবাদে বিকেলে বিএনপির উদ্যোগে আখাউড়া স্থলবন্দর অভিমুখে লংমার্চ করা হয়।

এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। পাশাপাশি সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এশিয়া পোস্টকে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। এমন অবস্থান থেকেই স্থানীয় নেতারা সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করেছেন। এ ছাড়া নেতাকর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।