দুই শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
এর আগে বুধবার রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।
হারুন মিয়া সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে প্রতিবেশী এক ভাড়াটিয়ার দুই কন্যাকে কক্ষে ডেকে নিয়ে যান হারুন মিয়া। প্রথমে তাদের খাবার খাওয়ানো হয় এবং পরে মোবাইলে গেমের প্রলোভন দেখিয়ে কক্ষের আলো নিভিয়ে যৌন নিপীড়ন চালানো হয়। একই দিন রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে শালিস ডেকে মীমাংসার চেষ্টা করা হয়। ভুক্তভোগীদের পরিবার মীমাংসা না মেনে পুলিশকে জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।