চাঁপাইনবাবগঞ্জে সালিশি বৈঠকে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় আয়োজিত বৈঠকে রানিহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে এ সংঘর্ষের সূত্রপাত। এতে মোজাফফর নামে একজন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি এখন শান্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।