পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালাল আসামি

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তার পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয়রা অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় স্থানীয় জনতার মারধরে তারা আহত হলে পুলিশ চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে দুজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। অপর আসামি ইব্রাহীম পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ওসি বলেন, বুধবার রাতে এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যের হেফাজতে থাকা অবস্থায় ইব্রাহীম হঠাৎ হাসপাতালের ওয়ার্ড থেকে হ্যান্ডকাপসহ উধাও হয়ে যায়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে খোঁজ নিয়ে তার সন্ধান মেলেনি। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।