সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দুই। এ ছাড়া নতুন করে হাম শনাক্ত হয়েছে দুইজনের।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ৩৯ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং হবিগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।