logo

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ঘটনায় গ্রেপ্তার ১৩

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ঘটনায় গ্রেপ্তার ১৩

মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার ১৩ জন হলেন, মুন্না, সজল, হাসান, মৃত্তুন জয়, শাহাদৎ, ফেরদৌস বেপারী, শাকিল বেপারী, মাসুদ শেখ, জিহাদ,  বেল্লাল, ইমন মোল্লা, থানভীর খান ও সাকিল।

সংবাদ  বিজ্ঞপ্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের থানতলী এলাকার ফজল খা গ্রুপ ও পাকদী এলাকার দবির মুন্সী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৯ ও ৩০ মার্চ উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি নতুন বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরে উভয় গ্রুপ নিজেদের এলাকায় প্রবেশ করে গোলাবাড়ী জজকোর্ট মিল সংলগ্ন এলাকা, থানতলী ও পাকদীতে ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিতে দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের (ক্রাইম অ্যান্ড অপস) নেতৃত্বে পুলিশ ও ডিবির একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ মার্চ রাতেই দুটি মামলা করে।  সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।