বিএনপি নেতাকে চিঠিতে হুমকি/‘ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের’

সাভারের আশুলিয়ায় বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, তাজা গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হত্যার হুমকি-সংবলিত চিঠি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৮ আগস্ট) ভোরে ইয়ারপুর ইউনিয়নের ওই নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইসমাইল হোসেন মোল্লার বাড়ির প্রধান ফটকে একটি ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি দেখতে পেয়ে তল্লাশি চালালে ভেতরে এক টুকরো কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপজল, গোসলের সাবান ও হাতে লেখা একটি চিঠির সন্ধান পান। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং চিঠিসহ উদ্ধার করা আলামতগুলো জব্দ করে।
হাতে লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উঠছেন, এটা তো ভালো হচ্ছে না...ভালোবেসে শেষ বিদায়ের সবকিছু দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই, কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তবে আপনার কাছে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন।’ চিঠির শেষে প্রেরক হিসেবে লেখা রয়েছে— ‘ইতি, অদৃশ্য মুসাফির।’

ভুক্তভোগী বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘ভোরে অজ্ঞাত এক ব্যক্তি ব্যাগটি গেটে রেখে যায়। রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় থাকা এবং আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই ন্যক্কারজনক কাজ করেছে।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক ও জামগড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু তালেব বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



