logo

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস, উচ্ছ্বসিত যাত্রীরা
কুমিল্লা স্টেশনে যাত্রাবিরতি দেওয়া কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের পাশে যাত্রীদের ব্যস্ততা ও উচ্ছ্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-চট্টগ্রাম রুটের ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেন প্রথমবারের মতো কুমিল্লা স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুমিল্লা থেকে সরাসরি রেলপথে কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টা ৫৬ মিনিটে কুমিল্লা স্টেশনে পৌঁছায়। দুই মিনিটের যাত্রাবিরতি শেষে রাত ১১টা ৫৮ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে কুমিল্লাসহ মধ্যবর্তী কয়েকটি স্টেশনের যাত্রীরা নতুন করে এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এর আগে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী কোনো স্টেশনে যাত্রাবিরতি দিত না।

নতুন এই সুযোগ ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও আসনসংকট নিয়ে রয়েছে কিছুটা হতাশা। টিকিট বিক্রি শুরুর পর কাঙ্ক্ষিত আসন না পেয়ে অনেক ভ্রমণপ্রেমীকে হতাশ হতে হয়েছে। এমনকি প্রথম যাত্রার স্মৃতি ধরে রাখতে কেউ কেউ ‘স্ট্যান্ডিং টিকিট’ (দাঁড়িয়ে যাওয়ার টিকিট) নিয়েও ভ্রমণের প্রস্তুতি নিয়েছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, সোমবার রাত সাড় ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী বর্ধিত যাত্রার উদ্বোধন করা হয়। রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এই যাত্রার উদ্বোধন করেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। সেখানে ২০ মিনিট বিরতি শেষে রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গিয়ে সকাল ৬টায় গন্তব্যে পৌঁছায়।

ফিরতি পথে আজ ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার যাত্রাপথে মহানগর এক্সপ্রেস বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে আগের রুটে যাত্রাবিরতি থাকা সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে নতুন সূচিতে ট্রেনটি আর থামবে না।

মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ রয়েছে, যার আসনসংখ্যা সর্বোচ্চ ৭৩৬টি। রোববার সাপ্তাহিক বন্ধ ছাড়া সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন ট্রেনটি ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে।

মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম আরও বলেন, প্রথম যাত্রায় আগের মতোই ১৬টি কোচ রাখা হয়েছে। তবে যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে কোচের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।