logo
Advertisement

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
উদ্ধার তাজা গুলি। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-১৫। এসব ঘটনায় এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ম ফারুক।

আটক সামসুন নাহার (১৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুর আলমের মেয়ে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাকিরের ডেইল (কবরস্থান পাহাড়) এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করা হয়।

আ ম ফারুক বলেন, উদ্ধার করা অস্ত্রটির মালিকানা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর ও অনুসন্ধান চালিয়েও এর সঙ্গে জড়িত কারও তথ্য মেলেনি।

র‍্যাব আরও জানায়, একই দিন সন্ধ্যা ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। সেখান থেকে সামসুন নাহারকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটক তরুণীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের উৎস অনুসন্ধানের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।