logo

ভূমি অফিসে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন ৮ কর্মকর্তার ৬ জনই অনুপস্থিত

ভূমি অফিসে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন ৮ কর্মকর্তার ৬ জনই অনুপস্থিত
সাভারে রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : এশিয়া পোস্ট

সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি আট কর্মকর্তার মধ্যে উপস্থিত পেয়েছেন মাত্র দুজন কর্মকর্তাকে। এ ছাড়াও পরিদর্শনকালে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

​

​সোমবার (৮ জুন) সকালে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আকস্মিক পরিদর্শনে প্রথমে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। এ সময় তিনি সেবাদান ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক কঠোর নির্দেশনা দেন।

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে দেখা যায়, খোদ সহকারী কমিশনার (ভূমি) নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ ছাড়া উপস্থিতি রেজিস্ট্রার ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, কার্যালয়ের মোট আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুজন কর্মকর্তা যথাসময়ে অফিসে উপস্থিত হয়েছেন।

​এদিকে প্রতিমন্ত্রী সাভার ভূমি অফিসের কার্যালয়ে পৌঁছালে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। সেবাগ্রহীতারা অভিযোগ করেন, সামান্য কাজের জন্য একাধিকবার ভূমি অফিসে এসেও সময়মতো সেবা পাওয়া যায় না। নাগরিকদের এসব অভিযোগ শুনে সেবাপ্রদানে দীর্ঘসূত্রতা ও জনভোগান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ​এরপর তিনি কার্যালয়ের সিসিটিভি ফুটেজ নিজে পর্যালোচনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির প্রকৃত সময় যাচাই করেন। এ ছাড়া তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের কার্যক্রম ও অবকাঠামোগত সক্ষমতা পর্যেবক্ষণ করে তথ্যকেন্দ্রকে আরও সক্রিয় ও কার্যকর করার নির্দেশ দেন।

​এ ছাড়াও রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিট এবং বিভিন্ন রেকর্ড রুম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নথি ব্যবস্থাপনা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্ভারজনিত সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম প্রায়ই বিঘ্নিত হচ্ছে, যার ফলে সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। তাৎক্ষণিক বিষয়টি গুরুত্বে নিয়ে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সার্ভার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

জানা গেছে, আমিনবাজার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী) কার্যালয় পরিদর্শনে যান। সেখানে কার্যালয়-সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং কিছু অবৈধ স্থাপনার উপস্থিতি তার নজরে আসে। এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ও উচ্ছেদ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এশিয়া পোস্টকে বলেন, ভূমি প্রতিমন্ত্রী সাভারের আমিনবাজার ভূমি অফিস পরিদর্শন আশুলিয়া ভূমি অফিসে পরিদর্শনে আসেন। এ সময় আমরা আশুলিয়া ভূমি অফিসের সকলেই অফিসে উপস্থিত ছিলাম। তিনি আমাদের কার্যক্রম পরিদর্শন শেষে ভূমি অফিসের আশপাশে অবৈধ কোন দোকানপাট বা কোন স্থাপনা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন।

​ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত গণমাধ্যমকে বলেন, ভূমি সেবার ক্ষেত্রে জনগণের ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ে উপস্থিতির পাশাপাশি সেবার মান, গতি ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।