Advertisement

সড়কে ট্রাক উল্টে চারদিকে ছড়িয়ে পড়ল গ্যাস

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
সড়কে ট্রাক উল্টে চারদিকে ছড়িয়ে পড়ল গ্যাস
নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেন গ্যাস বহনকারী ট্রাক মহাসড়কে উল্টে গেছে। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেন গ্যাস বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। এতে তীব্র গ্যাসে পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ‘তরমুজ পাম্প’সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে তারা বাড়িঘর থেকে বাইরে বের হন। ততক্ষণে চারদিক ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায় এবং দৃশ্যমানতা কমে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। তাৎক্ষণিক বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে যাওয়ার পরামর্শ দেন। এ সময় ধোঁয়া ও আতঙ্কের কারণে মহাসড়কের দুপাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেন গ্যাস বহনকারী একটি ট্রাক শ্রীরামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় ট্যাংক ও ছোট সিলিন্ডার থেকে তরল নাইট্রোজেন ও গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় চালক গ্যাসে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :নাটোর