logo

মেলায় গিয়ে কথা-কাটাকাটি, বন্ধুদের মারামারিতে স্কুলছাত্রের মৃত্যু

মেলায় গিয়ে কথা-কাটাকাটি, বন্ধুদের মারামারিতে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কথা-কাটাকাটির জেরে বন্ধুদের মারামারিতে আহত মো. সিয়াম নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সিয়াম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পদুরবাড়ি হাইস্কুল মাঠে মারমারির ঘটনা ঘটে।

মো. সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুক্তাগাছার পদুরবাড়ি হাইস্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। রাত সাড়ে সাতটার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। সেখানে বন্ধুদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর চারটার দিকে মারা যায় সিয়াম।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সিয়ামের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।