নোয়াখালীতে ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন এবং ফসলিজমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামে পরিচালিত এক অভিযানে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকস নামের তিনটি প্রতিষ্ঠানে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
অভিযানে পপুলার ব্রিকসের মালিক আবদুল আজিজ, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেন ও জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি থেকে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি কাটা এবং কৃষিজমিতে অবৈধভাবে ভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে এমন আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষিজমি যেন ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না করা হয়, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি থাকবে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বার থানা-পুলিশ, ব্যাটালিয়ন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
