সমুদ্রে ধাওয়া করে ১০ হাজার কেজি সারসহ নয় পাচারকারী আটক

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয় পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মো. করিমের ছেলে মো. ফুরকান (৬০), নুর মোহাম্মদের ছেলে সৈয়দ নূর (৩২), মো. আব্দুল মাজমের ছেলে তৌফিক ইসলাম (৩৪), আনিসুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৫), কর্ণফুলী থানার খায়ের আহমেদের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), মোহাম্মদ আলীর ছেলে মো. রফিক আহমেদ (৬০), কক্সবাজারের চকরিয়ার মৃত মো. হোসাইনের ছেলে শাহজাহান (৪৪), লক্ষ্মীপুরের কমলনগরের মো. হামিদের ছেলে আলাউদ্দিন (৪৪) এবং মো. হোসেনের ছেলে মো. আব্বাস (৪৭)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন সার সুরক্ষা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।
সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।