logo

কুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় এনসিপি নেতার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
কুষ্টিয়ার মিরপুররে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (২ নভেম্বর) উপজেলার আটিগ্রামের আজুতলা বাজারে স্থাপিত ব্যানারটি ছেঁড়া অবস্থায় দেখা যায়। ইয়াসির আরাফাত স্থানীয় সরকার নির্বাচনে মিরপুর উপজেলা পরিষদে এনসিপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

জানা গেছে, ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের কর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামে ব্যানার স্থাপন করেন। এসব ব্যানারে সার সংকট নিরসন, গ্যাসের দাম বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অন্যান্য স্থানে স্থাপন করা ব্যানারগুলো অক্ষত থাকলেও আটিগ্রামের আজুতলা বাজারের ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে বলেন, ‘বাধা দিয়ে এনসিপির অগ্রগতি থামিয়ে দেওয়া যাবে না। নতুন দল হিসেবে আল্লাহর রহমতে মিরপুর উপজেলার মানুষের কাছ থেকে অভাবনীয় ভালোবাসা পাচ্ছে এনসিপি।’

তিনি আরও বলেন, ‘এই ভালোবাসা একটি দলের নেতাদের সহ্য হচ্ছে না। আমরা কারও সঙ্গে গায়ে পড়ে বিরোধে জড়াব না। জনগণের পক্ষে কথা বলা এবং সেবামূলক কর্মকাণ্ড আরও জোরগতিতে চলবে।’