রাঙ্গুনিয়ায় অপহৃত সাত বছরের শিশু চাচার বাসা থেকে উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার সাত বছর বয়সি শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২২ জুলাই) তাকে উপজেলার সরফভাটা এলাকা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটি উপজেলার চন্দ্রঘোনা এলাকার মো. দেলোয়ারের মেয়ে। সে গত সোমবার থেকে নিখোঁজ ছিল।
এই অপহরণের নেপথ্যে পারিবারিক প্রতিহিংসার তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
ডিবি জানায়, গত সোমবার সকাল ১০টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান ফয়সাল নামে তার এক চাচা। শিশুটি ঘরে না ফেরায় তার বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ রয়েছে, ফয়সাল শিশুটিকে নিজের বাসায় লুকিয়ে রেখে সন্দেহ এড়াতে তিনি শিশুটির বাবা দেলোয়ারের সঙ্গে খোঁজাখুঁজিতে অংশ নেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, শিশুটিকে তার বাবা মো. দেলোয়ারের মামাতো ভাই ফয়সালের বাসা থেকে উদ্ধার করা হয়। কেন তিনি এই কাজ করেছেন সেটা তদন্ত শেষে বলা যাবে।
.png)






