এনআইডিসহ ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক আটক

রাজশাহীতে বাংলাদেশ পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে সরবরাহের অভিযোগে মো. সেতু হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান এলাকার একটি ভাড়া বাসায় বসে তিনি বিভিন্ন নাগরিকের গোপনীয় তথ্য সংগ্রহ ও বিক্রি করছিলেন। একই সঙ্গে বিভিন্ন মোবাইল সিমের এনআইডি, বিকাশ-নগদ নিবন্ধন, মোবাইলের লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএসসংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মাহিষবাতান বড়দিঘি এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের সিপিএসসি ও জয়পুরহাট সিপিসি-৩-এর যৌথ অভিযানে সেতু হোসেনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় তার কাছ থেকে ছয়টি সিপিইউ, চারটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ৩১টি সিমকার্ড জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে তিনি সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু হোসেন এ অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি এবং পুলিশের সিডিএমএসের তথ্য সংগ্রহ করতেন বলে স্বীকার করেন। এ ছাড়া বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধ লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


