logo

ছুটিতে দেশে এসে প্রাণ গেল প্রবাসীর, হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

ছুটিতে দেশে এসে প্রাণ গেল প্রবাসীর, হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার
নিহত প্রবাসী রোকন আহমেদ জয়। ছবি: পরিবার সৌজন্যে

কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোকন আহমেদ জয় (২৬) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটি এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমান। এক মাস পূর্বে ছুটিতে দেশে আসেন রোকন। আজ সকালে নিজ বাড়ির উঠানে একটি গাছে তার হাত-পা ও মুখ বাধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে প্রেরণ করে।

স্বজনদের অভিযোগ, সোমবার রাত ২টার দিকে রোকনকে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে শ্বাসরুদ্ধ করে হত্যা করে দুবৃ্ত্তরা। পরে তাকে উঠানের একটি গাছে ঝুলিয়ে রেখে যায়। এরকম নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।