রাজনৈতিক পছন্দ থাকলেও সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন আয়োজিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সরকারের নীতি ও সামাজিক ইশতেহার বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য। কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, সততা ও দক্ষতার ভিত্তিতে বর্তমানে পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করা হচ্ছে।
বগুড়ার উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বগুড়াকে একটি গতিশীল ‘ইকোনমিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিমানবন্দর সম্প্রসারণ ও চালু, কৃষিভিত্তিক শিল্পায়ন এবং আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ চলছে। একই সঙ্গে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
সামাজিক সুরক্ষা নীতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও সামাজিক সুরক্ষার আওতায় আনা হচ্ছে। শিশুদের প্রাথমিক শিক্ষায় বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিকর খাবারের ব্যবস্থার উদ্যোগও নেওয়া হয়েছে।
পরিবেশ ও সুপেয় পানির নিরাপত্তার বিষয়ে মো. আব্দুল বারী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে খাল পুনঃখনন ও নদী উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রের পানি শোধন করে সরবরাহের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।
সরকারের নেতৃত্বে দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সভায় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির স্থানীয় নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
